
নিউজ ডেস্কঃ দেশের অনেক টাকা বিদেশে পাচার হয়ে গেছে এ কারণে করের মাধ্যমে সেই টাকা ফেরত আনতে সরকার সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, সুফল না এলে এ সুযোগ উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১১ জুন) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান। বাজেটে কর দেওয়ার মাধ্যমে পাচার হওয়া টাকা ফেরত আনার ঘোষণায় পাচারকারিরা আরও উৎসাহী হবে কিনা এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এটা ঠিক সেভাবে দেখলে হবে না। দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে। অন্যান্য দেশে এ ধরনের সুযোগ দেওয়া হয়। আমরা সেই সুযোগটা দিচ্ছি। আমরা দেখি, যদি এই সুযোগের সুফল না আসে তাহলে আমরা সুযোগটা উঠিয়ে নেবো। এই বাজেটের সুযোগ দেওয়া হয়েছে এর থেকে আমরা সুফল পেতে পারি এই সম্ভাবনাকে সামনে রেখে। এর সুফলটা আমরা পেতে পারি এই সম্ভবনায়। আর সুফল না পেলে সুযোগ উঠিয়ে নেওয়া হবে।