
নিউজ ডেস্কঃ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে পণ্য ও সেবার মান এবং গ্রহণযোগ্যতার বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এজন্য সরকার একটি কার্যকরী অ্যাক্রেডিটেশন অবকাঠামো ইকো-সিস্টেম নির্মাণে বদ্ধ পরিকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।
রোববার (১২ জুন) ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত ‘অ্যাক্রেডিটেশন; টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বিএবি-এর মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, পণ্যের মান ও গ্রহণযোগ্যতাই ভোক্তাদের মনে আস্থা তৈরি করে, যার মাধ্যমে বিকশিত হয় বাণিজ্য এবং বিনিয়োগ। পণ্য ও সেবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই।