
নিউজ ডেস্কঃ পদ্মা সেতু একটা অন্যরকম ভালোলাগা বলে জানিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। রোববার (১২ জুন) পদ্মা সেতুর থিম সং শুটিংয়ের সময় তিনি একথা বলেন। গানটির শুটিং করা হয় পদ্মা সেতু এলাকায়। এ সময় কনা বলেন, এটা আসলেই একটা স্বপ্ন ছিল এবং এখন সেটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। অনেকের মতো আমিও অপেক্ষায় ছিলাম। কেননা দীর্ঘদিন থেকেই দেখছি এটার নির্মাণকাজ চলছে। আজকে যখন এতো কাছ থেকে দেখলাম সেতুটা, তখন সত্যিই অন্যরকম ভালোলাগা কাজ করছে।
তিনি বলেন, আমি আমার বাবাকেও নিয়ে এসেছি সাথে করে। কারণ তিনিও খুব দেখতে চাইছিলেন সেতুটা। সকলেরই মনটা ভরে গেছে সেতুটা দেখে। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, পদ্মা সেতুকে ঘিরে যে থিম সং হচ্ছে, সেটার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। যাদের সঙ্গে গাইছি, কাজ করছি, অনেক বড় বড় মানুষ, তাদের সঙ্গে কাজ করতে পেরেও অনেক ভালো লাগছে। এ সময় তিনি পদ্মা সেতুর থিম সং থেকে ‘জয় বাংলার জয়, ধ্বনিত জয়তু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে মর্যাদা, পদ্মা সেতু’ লাইনটি গেয়ে শোনান।