News71.com
 Bangladesh
 14 Jun 22, 01:07 PM
 919           
 0
 14 Jun 22, 01:07 PM

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস।। জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস।। জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ

নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলে কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর মাঝেই দেখা দিয়েছে ভারী বর্ষণের আভাস। সোমবার (১৩ জুন) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহারের দক্ষিণাংশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী ও পাবনা জেলাসহ এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে । বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন