
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেছেন, পৃথিবীতে যা সুন্দর তা কখনও থেমে থাকে না, বাংলাদেশও থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নয়নের দীপশিখা জ্বালিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। বুধবার (১৫ জুন) দুপুরে রাজশাহীর বায়ায় সরকারি শিশু পরিবারে শিশুদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি অচেনা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে। বিস্ময়কর পদ্মাসেতু তৈরি করেছেন, যা এখন গোটা বিশ্বে আলোচিত হচ্ছে। কাউকে পেছনে ফেলে নয়, অসহায় শিশু-কিশোরসহ সকল জনগোষ্ঠীর মানুষকে উন্নয়নের মূল প্রবাহে আনতে কাজ করছে সরকার। শিশুদের আগামীর ভবিষ্যত নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, সে জাতি কখনও পরাজিত হয় না। পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়ে ছিল, তারা বিজয়ী হতে পারেনি; আগামীতেও পারবে না।