
নিউজ ডেস্কঃ আর মাত্র ন’দিন পরে বাংলাদেশের গর্ব বর্তমান সরকারের অন্যতম সেরা সাফল্য নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মুলত এই সেতুকে নিয়ে নির্মান প্রক্রিয়ার শুরু থেকেই শুরু হয়েছে দেশীও ও আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র। তবে সকল বাধাকে উপেক্ষা করেই শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার এই সেতু নির্মানে সফলতা দেখিয়েছে। বর্তমানে এই সেতুটির সড়ক পথের অংশ যাত্রীদের জন্য খুলে দেওয়ার দিনক্ষন ঠিক করেছে সরকার। কিন্ত সরকারের এই সফলতায় বাঁধা হয়ে দাঁড়াতে ও দেশবাসীকে বিভ্রান্ত করতে শুরু হয়েছে নানান গুজব ও ষড়যন্ত্র । গতকাল নিরাপত্তা বাহিনীর একটি বিশেষায়িত ইউনিটের এক অনুষ্ঠানে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন বাহিনীর চৌকস কর্মকর্তাদের নিয়ে দেশের ভি ভি আই পিদের নিরাপত্তার জন্য গঠিত এসএসএফের (স্পেশাল সিকিয়োরিটি ফোর্স) প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গতকাল প্রধানমন্ত্রী বললেন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বাতিল করতে চক্রান্ত করছে একটি প্রভাবশালী শক্তি। তিনি বলেন, “এ বিষয়ে কিছু কিছু তথ্য পেয়েছি। এমন একটা ঘটনা ঘটানো হবে, যেন ২৫ তারিখে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতেই না পারি। কী করবে তা জানি না।” দেশের সব নিরাপত্তা বাহিনীকে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী নজরদারি আরও জোরদার করতে নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতুর নির্মাণ কাজ শুরুর আগে থেকে ‘অপপ্রচার ও ষড়যন্ত্র’ চালাচ্ছে একটি শক্তি। এ ব্যাপারে তিনি বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করেন। বলেন, “ডক্টর ইউনূসের প্ররোচনায় বিশ্ব ব্যাঙ্ক টাকাটা (পদ্মা সেতু নির্মাণে বরাদ্দ অর্থ) বন্ধ করেছিল। তখন ঘোষণা করেছিলাম, পদ্মা সেতু আমরা নিজের টাকায় করব। সেটা করেছি।” শাসক দলের নেতারা জনান্তিকে বলে এসেছেন, মুহাম্মদ ইউনূস-সহ কয়েক জন প্রভাবশালী বিশেষ উদ্দেশ্যে বিশ্বব্যাঙ্কের কর্তাদের কাছে অপপ্রচার করে পদ্মা সেতুর জন্য প্রতিশ্রুত অর্থসাহায্য বন্ধ করিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী এই প্রথম প্রকাশ্যে ইউনূসের নাম করলেন। প্রতিক্রিয়া জানতে ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাঁর দফতর থেকে কোনও সাড়া মেলেনি।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার টার্মিনাল, পারাবত এক্সপ্রেস ট্রেন এবং পদ্মার ফেরিতে একই সঙ্গে অগ্নিকাণ্ড স্বাভাবিক ও দুর্ঘটনা নয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। হাসিনা বলেন, “বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় এক সাথে আগুন লাগে কী ভাবে? যখনই আমরা এগিয়ে যাই, তখনই নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা কোনও কোনও মহল করে থাকে।” তাই সকলকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।