
নিউজ ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। এই দুটি জেলার বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলার পানিবন্দী মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর ৯টি ব্যাটালিয়নকে নামানো হয়েছে । এসব এলাকা থেকে জরুরীভিত্তিতে পানিবন্দী লোকদের উদ্ধার করা সম্ভব না হলে মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সিলেট সদর উত্তর এলাকায় এক টুকরা জমিও পানিমুক্ত নেই। উপজেলা সদরের সরকারী অফিসগুলো পানিতে তলিয়ে আছে। বাঁচার জন্য পানিবন্দী মানুষের আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে উঠেছে। ভাসমান পানিতে অনাহারি মানুষের হাহাকার শোনার কেউ নেই। স্থানীয় প্রশাসনও অসহায় হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসা, থানা কম্পাউন্ডসহ সর্বত্র অথৈ পানি। বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় মোবাইল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার উপর গত ৬ জুন থেকে অবিরাম বৃষ্টি ঝরছে। অব্যাহত রয়েছে পাহাড়ী ঢল। ঢলের তীব্রতার কারণে নৌকা নিয়ে চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও ছাতক উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত গোয়াইন ও পিয়াইন, চেঙ্গেরখাল নদীসহ হাওর এলাকা দিয়ে অবাধে ঢলের পানি নেমে আসায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানিবন্দী মানুষ নগরীর দিকে ছুটে আসছেন। এদিকে সিলেট নগরীর অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত হয়ে পড়েছে। বানের পানিতে স্রোত ও বাতাসের তীব্রতার কারণে পানিবন্দী এলাকায় ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত নৌকা ও উদ্ধারকর্মী না থাকায় পানিতে আটকাপড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষ। যেমন থাকার জায়গা নেই তেমনি খাবার ব্যবস্থা নেই। বন্যার পানি ঢুকে পড়েছে নগরীর কুমারগাওয়ের বিদ্যুতের গ্রিড লাইনের সাব স্টেশনে। এতে পুরো সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুতহীন হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সিলেটের বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুত বিভাগ।
শুক্রবার সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনীর ৮টি ব্যাটালিয়ন পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে। সিলেট সদর, কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, দিরাই, জামালগঞ্জ উপজেলাসহ মোট ৮টি উপজেলায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গোদাম রক্ষা, সিলেট কোমারগাঁও পাওয়ার স্টেশন রক্ষা করার কাজে নেমেছে। শুক্রবার সকালে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জানাগেছে গতকাল শুক্রবার সকালেই সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান পানিবন্দী মানুষকে উদ্ধারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরার চিঠি পাঠিয়েছিলেন। ডিসি’র আহবানে সাড়া দিয়ে গতকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে সেনা সদস্যরা। আজ তাদের সাথে যুক্ত হয়েছে নৌবাহিনীর বোট। তারাও সেনা সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানবিক বিপর্যয় মোকাবিলায় কাজ শুরু করেছে।
এদিকে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিমানবন্দরে শুক্রবার থেকে তিনদিন কোন ধরনের ফ্লাইট ওঠানামা করবে না বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।