
নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইট বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন চার শতাধিক হজ যাত্রী। যে বিমানটি ঢাকায় এসে যাত্রী নেয়ার কথা ছিল সেটি শনিবার রাত পৌনে ১২টা পর্যন্ত এসে পৌঁছায়নি। নির্ধারিত সময় ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, সৌদি এয়ার লাইন্সের ফ্লাইটটি শনিবার (১৮ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা ছাড়তে পারেনি। ফলে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১২টায় ছেড়ে যাওয়ার জন্য নতুন করে শিডিউল ঘোষণা করে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান বন্দর থেকে জানানো হয়, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকেই ফ্লাইটটি যথাসময়ে ছাড়তে না পারার কারণে বাংলাদেশে পৌঁছাতে দেরি হচ্ছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত সব ফ্লাইটই যথাসময়ে ছেড়ে গেছে, সুতরাং শিডিউল জটের কোনো কারণ নেই।