
নিউজ ডেস্কঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কারো ওপর কোনো মতামত চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেবও না। ইভিএম নিয়ে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে রোববার (১৯ জুন) নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কিছুদিন আগেও আমরা ইভিএমের মাধ্যমে নির্বাচন করেছি। তারপরও রাজনৈতিক মহলে এবং পত্র-পত্রিকার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি যে, ইভিএম নিয়ে ঐকমত্য পাওয়ার অবস্থা নেই। যেহেতু আমরা নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি, সেহেতু আমাদের ধারণা নিতে হবে। আপনাদের মতামত, স্বাধীন মতামত হবে বলেই আমরা বিশ্বাস করি। সিইসি বলেন, কারো ওপর কোনো মতামত চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছাও আমাদের নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা নেওয়া। আপনাদের প্রশ্ন-উত্তর যদি থাকে সেগুলো উপস্থাপন করেন। আমাদের যারা ইভিএম সম্পর্কে বোঝেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।