
নিউজ ডেস্কঃ উত্তরের বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে মধ্যাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলে বন্যার সম্ভবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা শুরু হয়ে গেছে। বন্যা কিন্তু দক্ষিণাঞ্চলেও যাবে।’ তিনি বলেন, ‘পানি নামতে শুরু করেছে, সুনামগঞ্জ থেকে পানি যখন নামবে, তখন অন্যান্য এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এটা আমাদের প্রাকৃতিক নিয়ম। বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগে বন্যার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আগে থেকেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’
‘এই পানি যখন নামবে, মধ্যাঞ্চল যখন প্লাবিত হবে, ঠিক শ্রাবণ মাস থেকে ভাদ্র পর্যন্ত আবার দক্ষিণ অঞ্চল প্লাবিত হবে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ যদি আমরা দেখি, এটাই হচ্ছে বাস্তবতা, এভাবে মাঝেমধ্যে বন্যা প্লাবিত করে।’ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, চিকিৎসা, ত্রাণ সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি’। রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘সাফ চ্যাম্পিয়ন-২০২১ বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী জাতীয় ফুটবল দল’ এর সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।