
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতাকে আমরা আনন্দের সঙ্গে স্বীকার করছি। ইউরোপে চলমান সংঘাত ও কোভিড-১৯ মহামারিতে সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ায় অর্থনৈতিক বিপর্যয় থেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ- ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের-জেসিসির সপ্তম রাউন্ড বৈঠকে তিনি এ কথা বলেন।
নয়াদিল্লিতে জেসিসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে ড. মোমেন আরও বলেন, বাংলাদেশ কোভিড-১৯ মহামারি পরিস্থিতি শক্তিশালীভাবে পুনরুদ্ধার করেছে। তবে ইউক্রেন সংঘাতের পর বাজারের অস্থিরতায় উদ্বেগ তৈরি হয়েছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সম্মিলিত সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন।