
নিউজ ডেস্কঃ রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের অনেকে মাদক-নারী পাচারের সঙ্গে জড়িত। রোববার (১৯ জুন) জাতীয় সংসদ ভবন কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস (Lilly Nicholls) কে সৌজন্য সাক্ষাত প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১ দশমিক ১ মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশের জন্য দীর্ঘদিনের সমস্যা। এত বড় বোঝা বাংলাদেশ কতদিন বহন করবে। বাংলাদেশ সরকার ভাষানচরে ১ লাখের বেশি রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে তারা অধিকতর ভালো আশ্রয় পাবে। কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশকে সব সময় সহায়তা করবে। তিনি আরও জানান, তার দেশ রোহিঙ্গাদের সহায়তায় অতিরিক্ত একটি তহবিল সৃষ্টি করছে।