
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সরকার সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।সরকারিভাবে বিভিন্ন নির্দেশনার আলোকেও শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।সোমবার(২০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমিনুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। সংসদ পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার সভাপতিত্বে আজকের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে কর্মচারীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের আলোকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরসহ শৃঙ্খলামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, কোভিড-১৯’র বিভিন্ন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পর্যবেক্ষণ করা হয়ে থাকে। এ বিষয়ে কোনো অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া স্বাস্থ্যখাতে বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্ত অভিযোগের আলোকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতসহ ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।