
নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর দুই পাড়ে উদ্বোধন হওয়া নতুন থানাগুলোর মাধ্যমে উভয় পাড়ের মানুষজন সহজেই আইনি সেবা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানার কার্যক্রম, পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালসমূহের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি নারী ব্যারাক ও অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেতুর উভয় পাশে দুটি থানা নির্মাণ করা হয়েছে। এই থানাগুলোর মধ্যমে সাধারণ জনগণ সহজে আইনি সেবা নিতে পারবে। এছাড়া সেতুর আশ-পাশে এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা কার্যক্রমে গতিশীলতা আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ পুলিশ বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গায় এসেছে। জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ গৃহহীনদের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছে।