
নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় এসে পদ্মা সেতুর সমীক্ষা বন্ধ করে দিয়েছিল বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জুন) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। প্রমত্ত পদ্মা নদী দেশের দক্ষিণাঞ্চলকে রাজধানী ঢাকা ও অন্যান্য জেলা থেকে বিছিন্ন করে রেখেছিল। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ সে কষ্টটা ভালো করে জানি। দক্ষিণাঞ্চলের মানুষ জানে কী ঝুঁকি নিয়ে এবং কতটা সময় ব্যয় করে আমাদের রাজধানীতে পৌঁছাতে হয়।’ তিনি বলেন, ‘১৯৯৬ সালে আমি সরকার গঠন করে ১৯৯৭ সালে জাপান সফরে যাই। সেখানে গিয়ে জাপানের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম আমাদেরকে পদ্মা নদীতে ও রূপসা নদীতে সেতু করে দিতে হবে। আমি তাদেরকে প্রস্তাব দেই, তারা আমাদের প্রস্তাবে রাজি হয়।’
শেখ হাসিনা বলেন, পদ্মা পৃথিবীর খরস্রোতা নদীর মধ্যে একটি। আমাজনের পরেই পদ্মা। জাপান পদ্মা নদীতে সেতু করার জন্য সমীক্ষার কাজ শুরু করে। আমি একটু এখানে স্মরণ করতে চায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৩ সালে যখন জাপান সফরে গিয়েছিলেন তখন যমুনা নদী এবং পদ্মা নদীর ওপর সেতুর কথা বলেছিলেন। তবে যমুনা নদীর সেতুর ওপরই তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং তখন জাপান সরকার যমুনা নদীতে সমীক্ষা করে। জাপানের সহযোগিতায় আমাদের যমুনা নদীর ওপর সেতু নির্মাণ হয়।