
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪টি ভবনে ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ পেলো দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা। বুধবার (২২ জুন) বিকেলে ভার্চু্যয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি প্রস্তাব উপস্থাপন করা হলে একটির অনুমোদন দেওয়া হয়েছে। আর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, স্থানীয় সরকার বিভাগের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ৩টি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ১২৯ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৫০৯ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৯৭ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘ঢাকাস্থ মোহাম্মদপুর হাউসিং এস্টেটের আসাদ অ্যাভিনিউতে (গৃহায়ন কনকচাঁপা) ও সাত মসজিদ রোড (গৃহায়ন দোলনচাঁপা) ৪৩০টি আবাসিক ফ্ল্যাট’ নির্মাণ প্রকল্পের আওতায় ভবন নং ১,২,৩,৪ নির্মাণের পূর্ত কাজ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডের কাছ থেকে ১২০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫৭১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।