
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্য বদলের যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত-আধুনিক-শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে আওয়ামী লীগ বদ্ধ পরিকর বলেও তিনি জানান। বুধবার (২২ জুন) এক বিবৃতিতে এসব কথা জানান ওবায়দুল কাদের।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেনে, ২৩ জুন বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বপ্রাচীন এবং সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম অতঃপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির সংগ্রামসহ আমাদের জাতীয় জীবনে যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আওয়ামী লীগ এক অবিচ্ছিন্ন অনুভূতির নাম।