
নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া পাকিস্তানের দালাল ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ‘আজকে এখানে যখন, আমি শুনলাম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া স্লোগান দেয়—পঁচাত্তরের পরাজিত শক্তি। এটার মধ্য দিয়ে সে এটাই প্রমাণ করেছে, তার বাপ পাকিস্তানের দালাল ছিল, তার মা পাকিস্তানি দালাল হিসেবেই ছিল এবং বাংলাদেশের স্বাধীনতাটাকে সম্পূর্ণ নসাৎ করতে চেয়েছিল। আদর্শগুলো একে একে মুছে ফেলে দিয়েছিল, ইতিহাস মুছে ফেলে দিয়েছিল, জাতির পিতার নামটা মুছে ফেলেছিল। কাজেই এটা তো স্বাভাবিক তারা তো সেই স্লোগান দেবেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে তাদের কথার মধ্য দিয়ে, এরাই যে ১৫ আগস্টের হত্যার সঙ্গে জড়িত, চক্রান্তের সঙ্গে জড়িত জিয়াউর রহমান, খালেদা জিয়া- তারেক জিয়া সেটা প্রমাণ করে দিয়েছে পঁচাত্তরের হাতিয়ারকে সমর্থন দিয়ে। অর্থাৎ খুনিদের সমর্থন দিয়ে। এই খুনিদের বিচারের হাত থেকে মুক্ত করেছিল জিয়াউর রহমান এবং তাদের পুরস্কৃত করেছিল। ইনডেমনিটি অর্ডিনেন্স দিয়ে সেটাকে আইনে পরিণত করেছিল জিয়াউর রহমান এবং এদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল।