
নিউজ ডেস্কঃ দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের অবদান তুলে ধরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা ছাড়া তো গতি নেই বাংলাদেশের। এটাও মনে রাখতে হবে।’ বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২৩-বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘নেতৃত্বশূন্য কোন দল নির্বাচন করবে আর জনগণ ভোট দেবে কী দেখে? ওই চোর, ঠকবাজ, এতিমের অর্থ-আত্মসাৎ করা অথবা খুন, অস্ত্র চোরাকারবারী, সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে এদেশের জনগণ ভোট দেবে দেশ পরিচালনার জন্য? তা তো এদেশের জনগণ দেবে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তারা (দেশবাসী) জানে আওয়ামী লীগ নৌকা মার্কা, নৌকার যে প্রয়োজন এবারের বন্যায়ও তো নৌকার জন্য হাহাকার। তা নৌকা ছাড়া তো গতি নেই বাংলাদেশের। এটাও মনে রাখতে হবে। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।’