
নিউজ ডেস্কঃ আমের স্বল্পতা এবং লোকসানের কারণে চালুর ১১ দিনের মাথায় বন্ধ হয়ে গেল জেলার একমাত্র ফল ও সবজি বহনকারী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। যদিও কর্তৃপক্ষ লোকসানের কারণে ট্রেনটি বন্ধ হয়নি বলে দাবি করেছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে চলতি বছরের ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয় এবং ২৩ জুন সর্বশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শুক্রবার (২৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল মামুন বলেন, শুক্রবার থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না। সর্বশেষ ২৩ জুন এই স্টেশন থেকে ট্রেনটিতে ৩ হাজার ১৮৫ কেজি আম পরিবহন করা হয়।
তিনি আরও বলেন, রহনপুর রেল স্টেশন থেকে মোট ২৯ হাজার ৫৪৩ কেজি আম পরিবহন করা হয়েছে। এখান থেকে রাজস্ব আয় হয়েছে ৩৮ হাজার ৯৬১ টাকা। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চলতি বছর ৪৫ হাজার ৬২৪ কেজি আম পরিবহন করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এখান থেকে আয় হয়েছে ৬১ হাজার ৪৬৯ টাকা। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, ‘তৃতীয়বারের মতো গত ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২৩ জুন এই ট্রেনটি আম পরিবহন করে। ২৪ জুন থেকে এ ট্রেনটি আর চলবে না বলে আমাদের জানানো হয়েছে।