News71.com
 Bangladesh
 27 Jun 22, 12:35 PM
 1196           
 0
 27 Jun 22, 12:35 PM

রাষ্ট্রপতির সঙ্গে কুয়েত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ।।

রাষ্ট্রপতির সঙ্গে কুয়েত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রোববার (২৬ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। আবদুল হামিদ দুদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনার টিকা প্রদান ও তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ থেকে কুয়েতের নার্স নিয়োগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানান। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ায় কুয়েত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ সমস্যার সমাধানে কুয়েত আরও জোরালো ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন