News71.com
 Bangladesh
 29 Jun 22, 10:19 AM
 981           
 0
 29 Jun 22, 10:19 AM

বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ করছে ।। জাপান মেটাল কোম্পানি

বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ করছে ।। জাপান মেটাল কোম্পানি

নিউজ ডেস্কঃ দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগ করছে জাপান মেটাল কোম্পানি। ইতোমধ্যে দেশীয় স্টার এলাইড ভেঞ্চার লি. ও জাপান মেটাল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়।এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান মিরসরাইস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০ একর জমির উপরে যৌথ বিনিয়োগে বাংলাদেশে সর্বপ্রথম এ্যালুমিনিয়াম ইনগট ও কপার ইনগট তৈরির একটি জাপানী মানের শিল্প কারখানা গড়ে তুলবে।মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চিটাগাং চেম্বার কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।বর্তমানে বাংলাদেশে অ্যালুমিনিয়াম ইনগট ও কপার ইনগটের চাহিদা মেটানোর জন্য আমদানি করতে হয়। এই বিনিয়োগের মাধ্যমে জাপান থেকে কাঁচামাল আমদানি করে বাংলাদেশে এই পণ্যগুলো তৈরি করা হবে। এসব পণ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাজারজাত করা হবে। আমদানি বিকল্পের পাশাপাশি এই বিনিয়োগ রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করবে।

জাপানী বিনিয়োগকারীরা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে চিটাগাং চেম্বার, জেটরো ও জেবিসিসিআইর যৌথ উদ্যোগে স্থাপিত সিসিসিআই-জাপান ডেস্ক পরিদর্শন করেন। এছাড়া চিটাগাং চেম্বারের উদ্যোগ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চিটাগাং চেম্বার জেটরো ও জেবিসিসিআইর সঙ্গে সমঝোতা স্বাক্ষরের পর থেকেই জাপান-বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। তখন তিনি মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বিনিয়োগে আগ্রহী হওয়ার জন্য জাপানী বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই নতুন যৌথ কোম্পানি আগামী এক বছরের মধ্যে শিল্পকারখানা চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন