
নিউজ ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সহযোগীতা চাইবেন বলে কুটনৈতিক সুত্রে জানাগেছে। ইতিমধ্যেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একাংশ জড়িয়ে পড়ছে মাদক ও নারী পাচারের মতো অপরাধে । পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে ধর্মীয় মৌলবাদের বীজ যেভাবে ছড়াচ্ছে তা শুধু বাংলাদেশ নয়, ভবিষ্যতে ভারত-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জন্যও চিন্তার কারণ হয়ে উঠবে। এই পরিপ্রেক্ষিত থেকেই আগামী সেপ্টেম্বরেই ভারত সফরে রোহিঙ্গ প্রত্যাবাসন ইস্যুতে মোদীর সহযোগীতা চাইবেন প্রধানমন্ত্রী। জনপ্রিয় ভারতীয় পত্রিকা আনন্দবাজার আজ এই খবর দিয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “আমাদের কাছে রোহিঙ্গা সমস্যার এক মাত্র সমাধান হল তাদের মায়ানমারের রাখাইন প্রদেশেফেরত পাঠানো। আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী হাসিনা যখন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন, তখন তাঁদের ফেরানোর বিষয়ে ভারত কী ভাবে সাহায্য করতে পারে, সেই বিষয়টি তুলবেন।”
আনন্দবাজার তার প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৭-য় মায়ানমারে অত্যাচার, নিপীড়ন সহ্য করতে না পেরে, সমস্ত নাগরিক অধিকার হাতছাড়া হতে দেখে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। শেখ হাসিনা সরকার তাঁদের আশ্রয় দিয়েছে। তাঁদের জন্য কক্সবাজারের কুতুপালনে খোলা হয়েছে শরণার্থী শিবির। কিন্তু গত পাঁচ বছরে তাঁদের ফেরত নেওয়ার বিষয়ে মায়ানমারের সরকার সদিচ্ছা দেখায়নি। মোমেন বলেন, “এই ১০ লক্ষ শরণার্থীর প্রায় ৬০ শতাংশের বয়স ১৮ বছরের কম। এরা কট্টর পন্থায় জড়িয়ে পড়তে পারে বলে ভয় রয়েছে। মাদক, মানুষ পাচারের ঘটনা তো ঘটছেই। কক্সবাজার থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইল্যান্ডে নিয়ে যাওয়ার লোভ দেখানো হচ্ছে। তার পরে তাদের ভারতের আন্দামান উপকুলের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে।”
রোহিঙ্গা প্রত্যাবসনে ভারতের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মোমেন বলেন, “রোহিঙ্গারা যখন ফিরে যাবেন, তখন যাতে তাঁদের বাসস্থান, জীবিকা, স্বাস্থ্য ও শিক্ষার মাপকাঠিতে মায়ানমারে থাকার মতো উপযুক্ত পরিবেশ থাকে, তার জন্য কিছু সাহায্য দরকার হবে। এ বিষয়ে ভারত সাহায্য করতে পারে। অবশ্যই যদি মায়ানমার রাজি থাকে। ভারত একই সঙ্গে বাংলাদেশ ও মায়ানমারের প্রতিবেশী রাষ্ট্র। ফলে ভারত সক্রিয় ভূমিকা নিতে পারে।”