
নিউজ ডেস্কঃ দেশে ‘সহজে ব্যবসার সুযোগ’ বাড়াতে ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। এজন্য দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে ‘সহজে ব্যবসার সুযোগ’-এর সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ভূমি মন্ত্রণালয় সঙ্গে এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভূমিমন্ত্রী এ কথা বলেন। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, শিল্পে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি। আমাদের এমন জায়গায় ভূমিসেবা ব্যবস্থাপনা নিয়ে যেতে হবে যেন বিদেশি বিনিয়োগকারীরা শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও চালানোর সময় ভূমি বিষয়ক প্রয়োজনীয় ও প্রযোজ্য আনুষ্ঠানিকতা যেমন নামজারি, ভূমি উন্নয়ন কর কিংবা বন্দোবস্ত প্রক্রিয়া ইত্যাদি দেখে প্রশংসা করে ‘wow!’ (বাহ!) বলে উঠেন।