
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মুখরিত পুরো স্টেশনের অভ্যন্তর। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে ক্রমশ লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন। জানা গেছে, স্টেশনে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এরমধ্যে অনেকেই পেয়েছেন টিকেট।
আজ মূলত ঈদ যাত্রা উপলক্ষে ৫ জুলাই এর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কথা হয়, সাব্বির নামের একজনের সঙ্গে। জামালপুরের যাওয়ার জন্য ৫ জুলাই এর ট্রেনের টিকিট কাটতে এসেছেন তিনি। লাইনে দাঁড়িয়েছেন ভোর ৫টায়। কথা বলতে-বলতেই টিকিট পেয়ে গেলেন। চলে গেলেন হাসিমুখে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে।গতবাররের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকী ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি।