
নিউজ ডেস্কঃ আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ কেন্দ্র করে শুক্রবার (১ জুলাই) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। তবে এবার প্রতিবারের মতো কোনো ভিড় নেই। শুক্রবার বিক্রি হচ্ছে আগামী মঙ্গলবারের (৫ জুলাই) আগাম টিকিট। যাত্রীরা আরামে বুথ থেকে টিকিট কিনতে পারছেন। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
কাউন্টারগুলো থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেশনে টিকিট বিক্রি হবে। অনলাইনেও প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের টিকিট বিক্রি হবে।জানা গেছে, ‘টিকিট যার ভ্রমণ তার’ বিষয়টি নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে যাত্রীদের টিকিট কাটতে হচ্ছে। চট্টগ্রামের আগাম টিকিট কিনতে আসা মোবারক হোসেন নামে এক যাত্রী বলেন, লাইনে দাঁড়িয়ে যথাসময়ে টিকিট কেটেছি। কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। এনআইডি দিয়ে টিকিট কাটার সিস্টেম রাখায় অনিয়ম হচ্ছে না।