
নিউজ ডেস্কঃ বাংলাদেশ তথ্য প্রবাহের অবাধ ও সুবর্ণ সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২ জুলাই) স্পিকার বাংলা একাডেমি আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন ,২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা ও কর্ম পরিবেশের উন্নয়নে কাজ করে আজ তাদের সুন্দর অবস্থান নিশ্চিত করতে পেরেছে। জনস্বার্থে সাংবাদিকতা-সংবাদকর্মীর সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এ আয়োজন প্রশংসনীয়। এটি এমন একটি প্লাটফর্ম যা সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলা, কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি, গবেষণামূলক কাজে সাংবাদিকদের উৎসাহিত করাসহ নানামুখী কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে, পাঁচ ক্যাটাগরিতে বিজেসি অ্যাওয়ার্ড প্রদান গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করবে।