
নিউজ ডেস্কঃ বিএনপি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা (বিএনপি) কথা বলে খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। জনগণের ওপর তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। যা দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগে।
রোববার (০৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা ঈদের পরে বিএনপি চরমভাবে আন্দোলনে নামবে- এ নিয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলন এটি আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি। এখন এটা কি এই ঈদের পরে না কোন ঈদের পরে সেটা আগে পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। আসলে এ সমস্ত কথা বলে তারা নিজেদেরকে ক্রমাগত হাস্যস্পদ করছে এবং সে কারণেই জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি।’