
নিউজ ডেস্কঃ কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের তার বাসভবন থেকে এ প্রস্তুতি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।