
নিউজ ডেস্কঃ জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৭টি।এতে নিহত হয়েছেন ৫২৪ জন এবং আহত হয়েছেন ৮২১ জন। নিহতের মধ্যে ৬৮ জন নারী ও ৭৩ জন শিশু রয়েছে। সোমবার (৪ জুলাই) ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৩ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪২ দশমিক ১৮ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৪১ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৬ জন, যেটি মোট নিহতের ১৬ দশমিক ৪১ শতাংশ। এছাড়া আটটি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১৬ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ১৮টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এখানে ১১৭টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হন। এদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ১৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।