
নিউজ ডেস্কঃ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা সম্পর্কে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার ভাষ্য, তড়িৎ গতিতে জেলায় বন্যার পানি বাড়বে; এমন অভিজ্ঞতা তাদের ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তারা যতদিন প্রয়োজন সেখানকার মানুষের সেবা করবে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের বন্যা পরবর্তী আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ আর্থিক বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনা সদস্যরা জেলায় থাকবেন। যতদিন প্রয়োজন হবে ততদিন তারা থাকবেন এবং মানুষের সেবা করে যাবেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমরা যতক্ষণ খবর পাচ্ছিলাম ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। এত তড়িৎ গতিতে যে পানি বেড়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা ছিল না। তিনি আরও বলেন, ১৯৮৮, ৯৮, ২০০৪ সালে আমরা বন্যা মোকাবিলা করেছি। এবার আমি যখন খবরটা জানতে পারলাম; ডিআইজির সঙ্গে কথা বললাম। যখন জানতে পারলাম বিদ্যুৎ চলে গেছে, সে সময় বিজিবির সিওকে জানালাম। তাকে বললাম, আপনি দ্রুত আপনার এলাকাগুলোয় চলে যান এবং উদ্ধার তৎপরতা চালান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল; তারপরও উদ্ধার তৎপরতা চালানো হয়েছে, মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।