
নিউজ ডেস্কঃ কোরবানির পশুর চামড়া ছাড়ানোর পরপরই প্রত্যেককে নিজ উদ্যোগে লবন মাখিয়ে তা সংরক্ষণের আহবান জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসা অধিকাংশ চামড়া লবন ছাড়াই ট্যানারিগুলোতে নিয়ে আসা হচ্ছে। ফলে ট্যানারি থেকে চামড়ার দাম কম দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সোমবার (১১ জুলাই) সকালে সাভারের চামড়া শিল্পনগরী ট্যানারিতে আসা চামড়াগুলোর বেশিরভাগই লবন ছাড়া দেখা গেছে ।এর আগে রোববার (১০ জুলাই) ট্যানারিগুলোতে দুপুরের পর থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া আসতে শুরু করেছে।
চামড়া নিয়ে আসা মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চামড়ার দাম কম দিয়ে ক্রয় করছে ট্যানারির মালিকরা। তবে এসব অভিযোাগ ভিত্তিহীন বলে দাবি করে ট্যানারি মালিকরা জানান, লবন ছাড়া চামড়া, রক্তমাখা নিয়ে আসার কারণে আলাদা করে শ্রমিক দিয়ে চামড়াগুলোকে পরিষ্কার করতে হচ্ছে। তাই চামড়ার দাম কম হচ্ছে।মানিকগঞ্জ থেকে ২৫০ পিস গরুর চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ী আফতাব। তিনি বাংলানিউজকে বলেন, প্রতি পিস চামড়া গড়ে ৭৫০ থেকে ৮০০ টাকা কেনা পড়েছে আমার, কয়েকটা ট্যানারিতে ঘুরলাম, ট্যানারিগুলো ৫০০ থেকে ৬০০ টাকা দাম দিতে চাইছে। এই দামে চামড়া দিলে পুরোই লোকসান হবে আমাদের।