
নিউজ ডেস্কঃ এবার ঈদে সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরের সড়কে যেটুকু যানজট হয়েছে তা অব্যবস্থাপনার কারণে হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সেতুমন্ত্রী বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। মন্ত্রী বলেন, এ বছর ঈদে মানুষ ভালোভাবে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন। পদ্মা সেতুর কারণে এ যাতায়াত আরও সুন্দর হয়েছে। ব্যবস্থাপনা ত্রুটি বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থাপনা ত্রুটি না থাকলে তো জট হতো না। যেহেতু হয়েছে সুতরাং সড়কতো ঠিক আছে তাহলে হলো কেন? এখানে হাইওয়ে পুলিশ আছে, যদিও তাদের জনবল খুবই কম। জেলা পুলিশ আছে, জেলা প্রশাসক আছে।