
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বে সারাদেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। করোনাকালীন অভিঘাতেও তা একমুহূর্তের জন্য স্থবির হয়নি। মঙ্গলবার (১২ জুলাই) স্পিকার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নস্থ সাধক কবি কাজী হায়াৎ মামুদ মাজার প্রাঙ্গনে ১নং চৈত্রকোল ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপরে ১নং চৈত্রকোল ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ১১টি করে মোট ২২টি সেলাই মেশিন, ১০ টি করে মোট ২০ টি স্প্রেয়ার মেশিন, ১০ টি করে মোট ২০ টি হুইল চেয়ার এবং ৫০ টি করে মোট ১০০ টি বাইসাইকেল বিতরণ করা হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, ১নং চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাহ বক্তব্য রাখেন।