
নিউজ ডেস্কঃ ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিসিএস পুলিশ ক্যাডারে ২৪তম ব্যাচের কর্মকর্তা দেওয়ান লালন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সম্প্রতি দেওয়ান লালন ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে লিগ্যাল অ্যান্ড মিডিয়ার দায়িত্ব পান। এর আগে তিনি খুলনা ট্যুরিস্ট পুলিশের এসপি ছিলেন।
চাকরির পাশাপাশি পুলিশের এই কর্মকর্তা গীতিকার ও লেখক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। করোনা মহামারির সময় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে দেওয়ান লালনের ‘দুঃসময়ের হাল ধরা নাবিক মানবিক আর নির্ভীক-বাংলাদেশ পুলিশ’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায়। গানটিতে সুর ও কণ্ঠ দেন শিল্পী অটামনাল মুন। দেওয়ান লালন আহমেদের পাঁচ শতাধিকের বেশি গান রয়েছে। সিনেমা, নাটক, সমসাময়িক বিষয়, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মা-বাবা, প্রেম-বিরহ নিয়ে তার গান উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি মাটি মানুষের চিরায়ত বোধের লোকগান, লালন ফকিরের মানুষতত্ত্ব নিয়েও গান লিখেছেন।