News71.com
 Bangladesh
 15 Jul 22, 04:46 PM
 729           
 0
 15 Jul 22, 04:46 PM

আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার স্বার্থ হাসিল করছে।।ফখরুল

আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার স্বার্থ হাসিল করছে।।ফখরুল

নিউজ ডেস্কঃ আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন-আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিশিরাতের সরকার।

শুক্রবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকারের বানোয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদের জেলে ঢুকানো হচ্ছে। অথচ সরকারদলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে আওয়ামী শাসন আইনের শাসনকে প্রতিস্থাপিত করেছে। আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায় বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ঙ্কর দানবরূপে আত্মপ্রকাশ করেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায় না। আদালত মানুষের শেষ আশ্রয়স্থল অথচ বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রতিকার পায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন