
নিউজ ডেস্কঃ ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে। তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শুক্রবার (১৫ জুলাই) রাতে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানিয়েছেন- উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। এ অবস্থায় আগামী শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।