News71.com
 Bangladesh
 18 Jul 22, 07:47 PM
 1398           
 0
 18 Jul 22, 07:47 PM

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।।কাদের

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।।কাদের

নিউজ ডেস্কঃ জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে,  ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনো বিশ্বাস নেই।

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনো নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায়, অথচ নির্বাচনে আসেন না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে।  নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি নেতারা বারবার কথা বলে। জনগণ বিএনপির তথাকথিত নিরপেক্ষ নির্বাচন আগেই দেখেছে। বিএনপি নেতাদের কাছে নিরপেক্ষ নির্বাচনের সবক মানায় না, তাদের  নেত্রী এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, কাজেই  বিএনপি নেতাদের  নিরপেক্ষ নির্বাচনের কথায় দ্বিচারিতার যে রাজনীতি, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন