
নিউজ ডেস্কঃ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ডিজেলে বিদ্যুৎ উৎপাদন না করা, সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে সরকার। এছাড়া আটটার মধ্যে দোকানপাট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা, অনলাইনে অফিস করার পরিকল্পনা করছে সরকার। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, পৃথিবীতে আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ... ইউক্রেনের যুদ্ধের যে প্রভাব পড়ছে সেটা যুদ্ধের চেয়ে কম না। পৃথিবীর উন্নত দেশে লোডশেডিং হচ্ছে, বৃটেনে হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে, জাপানে হচ্ছে, দেশে অর্থ থাকার পরেও তারা নিজেদের ব্যয়কে সংকোচন করছে। তিনি বলেন, আমরা আজকে যা আলোচনা করেছি, তার উল্লেখযোগ্য দিক হলো, আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনবো, যাতে আমাদের খরচ কম হয়, সেই পর্যায়ে, যেটা সহনশীল হয়, সেই পর্যায়ে নিয়ে আসা।
ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম। তাতে অনেক টাকা সশ্রয় হবে।