
নিউজ ডেস্কঃ রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (১৯ জুলাই) প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান। একই তথ্য বিদুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকেও জানানো হয়। নসরুল হামিদ বলেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।
সোমবার (১৮ জুলাই) রাত থেকেই এই অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালিত করে ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করেন। এরপরও যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সবার প্রতি অনুরোধ আমাদের কাজে সহযোগিতা করুন।