
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কোভিড-১৯ অতিমারী নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে ব্লিঙ্কেনের যৌথ-সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রদত্ত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বুধবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, কোভিড মহামারি মোকাবিলার মূলে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার। যখন উন্নয়নশীল দেশগুলোতে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন, ঠিক সে সময় কোভিড-তাড়িত অর্থনৈতিক অস্থিরতার ভীতিতে বিনিয়োগকারীরা এসব দেশ থেকে তাদের তহবিল সরিয়ে নিচ্ছেন। এর ফলে উন্নয়নশীল অর্থনীতিগুলিতে তহবিল ঘাটতির সৃষ্টি হচ্ছে। এসব দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য তিনি উন্নত দেশসমূহ এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে স্বাস্থ্যসেবাসহ অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে রেয়াতি ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানান; এবং স্বল্প-কার্বন ভিত্তিক উন্নয়নে অর্থায়ন বাড়ানো এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরের উপর জোর দেন।