
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কার্যক্রমের মাধ্যমে দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কার্যক্রম নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বুধবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়) এ তথ্য জানায়।
পররাষ্ট্র সচিব এ সময় মন্ত্রণালয়ে চলমান ইনোভেশন ও ই-গভর্ন্যান্স বিষয়ক কার্যক্রম সংক্রান্ত গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, তাঁর মন্ত্রণালয় সেবা সহজীকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে মন্ত্রণালয় ও মিশনে ই-নথি, ডি-নথি চালুকরণ, জিআরপি চালুকরণ, অনলাইনভিত্তিক আর্কাইভ তৈরি এবং ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে নিউরাল নেটয়ার্ক তৈরির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে কাজ করছে। ০৭ জুলাই সকল বাংলাদেশ মিশনের জন্য ইউনিফাইড ওয়েবসাইট উদ্বোধনের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ইউনিফাইড ওয়েবসাইট চালুর ফলে ৮১টি বাংলাদেশ মিশন ও মন্ত্রণালয়ের একই রকম আউটলুকের ওয়েবসাইটে সংশ্লিষ্ট মিশনগুলোর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাবে। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মাইগভ টিমের সহায়তায় ডিজিটাল প্ল্যাটফর্মে মন্ত্রণালয়ের ৩৪টি কনস্যুলার পরিষেবা, ২৮টি অভ্যন্তরীণ পরিষেবা এবং ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন দেশে ২০টি বাংলাদেশ দূতাবাসে আইবাস পদ্ধতি চালু করতে সক্ষম হয়েছে।