
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গ্যাসের জন্য স্থানীয় সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সারের যে মজুদ আছে তাতে সংকট হবে না। এজন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। বিকল্প উৎস থেকে আমাদের সার আনতে হবে।
বুধবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর নিজ দপ্তরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুআর্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি যাতে যমুনা ফার্টিলাইজার ও চট্টগ্রাম ফার্টিলাইজার দুটোকেই ফাংশনাল করা যায়। এটা নিয়ে আমরা কথা বলছি। যদি গ্যাস না দেয় তাহলে কি হবে? বিদ্যুৎ উৎপাদন না হলে... আমরা বলি যে শিল্প কারখানায় তো দিতেই হবে। এমনি আমাদের ব্যবহারের জন্য ইয়ে হতে পারে। কিন্তু সার কারখানা বন্ধ হলে… সারটা কিসে লাগছে? খাদ্য উৎপাদনে। তখন আমরা খাদ্য কোথায় পাবো? এতে বিরাট ক্ষতি হবে। মূল্যটা আমাদের অনেক বেশি দিতে হবে। সারে সংকট হবে না জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, সংকট হবে না এ জন্য আমাদের কয়েকটা দেশের (সৌদি আরব ও কাতার) সঙ্গে অ্যাগ্রিমেন্ট রয়েছে। টাকা পয়সার ক্ষতি হবে। আমরা লোকালি যে ইউরিয়া তৈরি করি এটার দাম ১৯ টাকা। আন্তর্জাতিক বাজারে এটার দাম ৭০ থেকে ৮০ টাকা। তাহলে আমরা সরকারকে এখনও ১৬ টাকায় ইউরিয়া দিচ্ছি। পৃথিবীর কোনো দেশই এটা দিতে পারবে না। ভারত তো পারেই না।