News71.com
 Bangladesh
 21 Jul 22, 11:35 AM
 537           
 0
 21 Jul 22, 11:35 AM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মী পাঠানো নিয়ে আলোচনা ড. মোমেনের।।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মী পাঠানো নিয়ে আলোচনা ড. মোমেনের।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে বুধবার (২০ জুলাই) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অচিরেই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর প্রত্যাশার কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ ড. মোমেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে ড. মোমেন মালয়েশিয়ার সদ্য-সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিইদ্দিন ইয়াসিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন