
নিউজ ডেস্কঃ সরকারি কর্মচারীদের থেকে আন্তরিক সেবা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সরকারি কর্মচারীদের কল্যাণের বিষয়ে সর্বদাই আন্তরিক। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।শনিবার (২৩ জুলাই) ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করে শক্তিশালী, কার্যকর ও গতিশীল জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনের জনপ্রশাসন উদ্ভাবন মনস্ক, মানবিক এবং নাগরিকবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মচারীদের সৃজনশীল ও প্রশংসনীয় কাজের জন্য ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদানের উদ্যোগকে প্রধানমন্ত্রী স্বাগত জানান। পদকপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, পদকপ্রাপ্তির এই আনন্দ তাদের উদ্যম, মেধা ও সৃজনশীলতাকে আরো শাণিত করবে এবং অন্যদের উৎসাহিত করবে।