
নিউজ ডেস্কঃ নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতুবন্ধন সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানুষের সঙ্গে ভালো আচরণ করলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও জানান তিনি। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে সেতুমন্ত্রী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা জানান।
আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের বেশি দিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।