
নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে, যার ফল ভোগ করছে জনগণ।
রাজনীতির নিয়ন্ত্রণ ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দেশ সেবার নামে অরাজনীতিক ব্যক্তিরা রাজনীতিতে প্রবেশ করে, রাজনীতিকে যেভাবে কলুষিত করছে সেটা দেশের জন্য অকল্যাণকর। আর এই কারণেই শফিকুল গানি স্বপনের মতো মেধাবী রাজনীতিকদের প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করছে। তিনি বলেন, একজন চা শ্রমিক দিনে মাত্র ১২০ টাকা মজুরি পায়, এখন এটা বাড়িয়ে ১৪৫ টাকা করার কথা বলা হচ্ছে। এটা কি মানবিক? চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। ন্যাপ চেয়ারম্যান আরো বলেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।