
নিউজ ডেস্কঃ জাসদ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুধুমাত্র নির্জলা মিথ্যাচারই নয়, তার রাজনৈতিক অজ্ঞতারই বহিঃপ্রকাশ বলে জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ‘মুক্তিযুদ্ধবিরোধী আড্ডাখানা হিসেবেই জাসদ গণবাহিনী গঠন করেছিল’ বলে প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাসদ নিয়ে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুধুমাত্র নির্জলা মিথ্যাচারই নয়, তার রাজনৈতিক অজ্ঞতারই বহিঃপ্রকাশ। জাসদ একশ শতাংশ মুক্তিযোদ্ধার দল। জাসদে কখনই খন্দকার মোস্তাকের মতো মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিরা নেতৃত্বে আসাতো দূরের কথা, কোথাও কোনো জায়গাও পায়নি।