
নিউজ ডেস্কঃ তিস্তা পানি বণ্টন চুক্তি দ্রুত শেষ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারতের পক্ষ থেকে চুক্তিটি শেষ করতে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। জাহিদ ফারুক বলেন, বৈঠকে তিস্তা ছাড়াও কুশিয়ারা নদীর পানি নিয়ে একটি সমঝোতা স্মারকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে।
২৩ আগস্ট পানিসম্পদ সচিব পর্যায়ে এবং ২৫ আগস্ট নয়াদিল্লিতে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুটি বৈঠকেই তিস্তাসহ গঙ্গা ও কুশিয়ারার পানি নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জাহিদ বলেন, গঙ্গার পানির সবচেয়ে ভালো ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তবে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে কোনো কথা বলিনি। তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা চুক্তি দ্রুত করতে আমরা ভারতীয় পক্ষকে বলেছি। তারা চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে তিস্তার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। কুশিয়ারা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি বাংলাদেশ উত্তোলন করতে পারবে। এ বিষয়ে চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে সই হতে পারে।