
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে।শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে যেমন সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার মধ্যে থাকলে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। এ ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা উচিত। খেলাধুলার জন্য চাঁদপুর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এ জেলার ক্রিকেটার খেলছেন। মন্ত্রী বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য বিসিবিকে মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেন এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য আমরা পক্ষ থেকে সহযোগিতা থাকবে।